ঘুষ খাওয়া একসময় ছিল লুকোচুরির বিষয়। এখন দিন বদলেছে। ঘুষ আর শুধু টাকা নেওয়ার ব্যাপার নয়; এটি হয়ে উঠেছে একধরনের সম্পর্কের সমীকরণ। এখানে দুই পক্ষ থাকে—এক পক্ষ দেয়, আরেক পক্ষ নেয়। মাঝখানে থাকে ফাইল, টেবিল, স্বাক্ষর ও অদৃশ্য এক সেতু।
তবে ঘুষের সম্পর্কও সব সময় মসৃণ থাকে না। তাই ঘুষের জগতে টিকে থাকতে চাইলে কিছু ‘ডু’ আর ‘ডোন্ট’ মনে রাখা জরুরি।
যা করবেন—
১. ঘুষের আগে সম্পর্ক বুঝুন:
প্রথম দেখাতেই ঘুষের কথা বলা ঠিক নয়। আগে বুঝুন সামনের মানুষটি কোন গোত্রের। তিনি কি ‘চা-নাশতা’ পর্যায়ের, নাকি সরাসরি ‘ফাইল দ্রুত চলবে’ পর্যায়ের? কারণ, ভুল মানুষকে ভুল অঙ্কের প্রস্তাব দিলে সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে।
২. নিজের রেট সম্পর্কে পরিষ্কার থাকুন:
ঘুষের জগতে সবচেয়ে বড় সমস্যা হলো রেটের স্বচ্ছতা নেই। কেউ বলেন, ‘যা খুশি দেন।’ আবার পরে বোঝা যায়, তাঁর ‘যা খুশি’ কথাটির ন্যূনতম মূল্যও আপনার মাসিক বেতনের চেয়ে বেশি। তাই আগে থেকেই হিসাব পরিষ্কার রাখা ভালো।
৩. সরাসরি কথা বলবেন না:
অভিজ্ঞ ঘুষগ্রহীতা কখনো বলেন না, ‘টাকা দেন।’ তিনি বলেন, ‘ব্যাপারটা একটু দেখবেন তো।’ এই ‘দেখবেন’ শব্দটির ভেতরেই অনেক সময় পুরো অর্থনীতি লুকিয়ে থাকে।
৪. পুরোনো সম্পর্ককে সম্মান করুন:
যিনি একবার আপনার কাজ করেছেন, তাঁকে ভুলে যাবেন না। ভবিষ্যতে আবার দেখা হতে পারে। ঘুষের দুনিয়ায় নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনার একটি ফাইল, কাল তাঁর একটি সুপারিশ—এভাবেই সম্পর্ক টিকে থাকে।
৫. হিসাব রাখুন:
অবশ্যই নিজের কত টাকা কোথায় গেল, তা মনে রাখার অভ্যাস করুন। তবে সমস্যা হলো, এই হিসাব লিখে রাখাও বিপজ্জনক। তাই অনেকে নাকি হিসাব রাখেন শুধু স্মৃতিতে। আর স্মৃতির সবচেয়ে সুবিধা হলো প্রয়োজনে বলা যায়, ‘মনে নেই।
যা করবেন না—
১. অতিরিক্ত ঘুষ খাবেন না:
ঘুষেরও একটি সীমা থাকা দরকার। কারণ, অতিরিক্ত খেলে বদহজম হতে পারে। তবে এই বদহজমের লক্ষণ পেটব্যথা নয়, হঠাৎ সম্পদের পরিমাণ বেড়ে যাওয়া।
২. ঘুষ খেয়ে কাজ ভুলে যাবেন না:
ঘুষ নেওয়ার পর কাজ না করলে সম্পর্কের অবনতি ঘটে। দাতা তখন ভাবেন, ‘টাকা তো গেল, কাজ গেল কোথায়?’ এটি ঘুষের সম্পর্কের সবচেয়ে বড় ভুল–বোঝাবুঝি।
৩. সহকর্মীর সঙ্গে নিজের ঘুষের তুলনা করবেন না:
‘সে এত নিল, আমি এত কম কেন?’ এই প্রশ্ন কর্মক্ষেত্রে অশান্তি তৈরি করতে পারে। ঘুষের ক্ষেত্রেও তুলনা বিষের মতো। বিশেষ করে যখন জানা যায়, পাশের টেবিলের লোকটি একই ফাইল থেকে আপনার দ্বিগুণ নিয়েছেন।
৪. ঘুষের বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন না:
‘আজ জীবনের প্রথম বড় অর্জন’ লিখে ছবি দেওয়া ঠিক হবে না। মানুষ ভুল বুঝতে পারে। বিশেষ করে ক্যাপশনে ‘পরিশ্রমের ফল’ লিখলে পরিশ্রমটি আসলে কার—এই প্রশ্ন উঠতে পারে।
৫. ঘুষকে ভালোবাসা ভাববেন না:
কেউ টাকা দিলেই সে আপনাকে ভালোবাসে—এমন ধারণা করা ভুল। সে হয়তো আপনাকে ভালোবাসে না; সে শুধু তার ফাইলটিকে খুব ভালোবাসে। আর ফাইলের ভালোবাসা শেষ হলে সম্পর্কও শেষ।
৬. নতুন ঘুষের জন্য পুরোনো ঘুষ ভুলে যাবেন না:
আজ যে কাজটি বিনা প্রশ্নে করে দিলেন, কাল সেটির জন্য আবার নতুন করে দরদাম করলে পুরোনো সম্পর্কের প্রতি অবিচার হতে পারে। তাই ঘুষের সম্পর্কেও ধারাবাহিকতা প্রয়োজন।
শেষ পর্যন্ত ঘুষের সম্পর্কও অন্য সব সম্পর্কের মতো—হিসাব থাকে, রেট থাকে, ভুল–বোঝাবুঝি থাকে; শুধু পার্থক্য একটাই—এখানে ব্রেকআপ হলে ফাইলটাই সবচেয়ে বেশি কাঁদে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।
বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
২০২৫ সালের এপ্রিলে শ্রমিক সংগঠনগুলোর দাবি অনুযায়ী, ইসরায়েলের জন্য এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বহনকারী একটি জাহাজ তাঞ্জিয়ার ও কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর করেছিল।
গত ১৯ নভেম্বর চীনের শেনজেনে কাইলিন ভিলায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন।
দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের নতুন আলু।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।
গত ১৯ নভেম্বর চীনের শেনজেনে কাইলিন ভিলায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।