বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এদিকে মূল অভিযুক্ত রাহুলকে (২২) গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ রোববার বিকেলে বগুড়া শহরের নারুলী এলাকায় এই মানববন্ধন হয়। এতে অন্যান্যের মধ্যে বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী বক্তব্য দেন।

গতকাল শনিবার বিকেলে নারুলী এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।

এ ঘটনায় অভিযুক্ত রাহুল ও তাঁর দাদা-দাদিকে আসামি করে আজ রোববার বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল চারটার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করার এক পর্যায়ে রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পান। বিষয়টি জানাজানি হলে রাহুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর দাদি ও দাদাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, অভিযুক্ত রাহুল পলাতক। তবে তাঁর দাদা ও দাদিকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/envidiyar-6-seersh-krmkrtar-smpd-kml-560-koti-dlar-nvidia-prothomalo

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা পর্যবেক্ষণ করতে একজন প্রতিনিধি নিয়োগ করেছে ইন্টার–পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। আইপিইউ হলো সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংসদগুলোর বৈশ্বিক সংগঠন।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারকাজ চলার সময় আইপিইউর প্রতিনিধি হেলেন মাসিন উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট আসামি ২২ জন। এর মধ্যে ফজলে করিমসহ পাঁচজন আসামি আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ, নওফেলসহ মামলার বাকি ১৭ আসামি পলাতক।

আজ সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসামি ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মামলাটি ভালোভাবে পরিচালিত হচ্ছে কি না, সবকিছু ঠিক আছে কি না—এসব দেখার জন্য আইপিইউ পর্যবেক্ষক পাঠিয়েছে।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রামের এই মামলার প্রসিডিংস (বিচারিক কার্যক্রম) পর্যবেক্ষণ করতে মানবাধিকারকর্মী ও ফ্রান্সের আইনজীবী হেলেন এসেছেন। তিনি শুরু থেকেই মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। হেলেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সেসব ক্লারিফাই (পরিষ্কার) করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তাঁদের জবাবে ওই পর্যবেক্ষক আশ্বস্ত হয়েছেন বলেই তাঁর মনে হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এই মামলার আসামিপক্ষের আইনজীবীরা আজ কেন সময় চেয়েছেন—বিদেশি পর্যবেক্ষক হেলেন বারবার সে বিষয়ে জানতে চান। এর জবাবে তিনি হেলেনকে বলেন, আজ আসামিপক্ষের করা তিনটি আবেদনের একটিরও কোনো সারবস্তু নেই। মূলত নানা অজুহাতে আসামিপক্ষ মামলাটির বিচার বিলম্বিত করতে চাইছে।

পর্যবেক্ষকের সঙ্গে আলোচনার বিস্তারিত তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, আসামির সঙ্গে তাঁর আইনজীবীর একান্ত পরামর্শ করার জন্য ট্রাইব্যুনালে কোনো ‘প্রাইভেট রুম’ আছে কি না, তা হেলেন জানতে চেয়েছিলেন। তখন তাঁকে সরেজমিনে দেখানো হয়েছে যে ট্রাইব্যুনালে আসামিদের রাখার জায়গার পাশেই একটি নির্দিষ্ট কক্ষ রয়েছে। সেখানে ‘প্রিভিলেজ কমিউনিকেশন’-এর জন্য আদালতের বাড়তি অনুমতির প্রয়োজন হয় না বলে স্থায়ী আদেশ (স্ট্যান্ডিং অর্ডার) রয়েছে। প্রতিদিন যেকোনো সময় আসামিরা তাঁদের আইনজীবীদের সঙ্গে দরজা বন্ধ করে যতক্ষণ ইচ্ছা পরামর্শ করতে পারেন।

চিফ প্রসিকিউটর জানান, বিদেশি পর্যবেক্ষক হেলেন তাঁর কার্যালয়েও গেছেন এবং ট্রাইব্যুনাল ঘুরে দেখেছেন। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষককে বিস্তারিত বলেছেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসচেতন জীবনযাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির সুগার সাবস্টিটিউট ব্র্যান্ড সুইট ড্রপের সৌজন্যে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর জিয়া উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

র্যালিতে ফার্মাসিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন কুমার রায়, মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার বিমল চন্দ্র সাহা ও সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার পুলক কুমার পলসহ কোম্পানির অন্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও এ ধরনের সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে দেশব্যাপী ডায়াবেটিস সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদক সেবনের অভিযোগ ওঠার পর ডোপ টেস্ট করা হয়েছিল পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের। ফল পজিটিভ এলে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত হয়। একই সঙ্গে সংযুক্ত করা হয় জেলা পুলিশ লাইনসে। এবার তাঁকে মাদক সেবনের আসর থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী শহরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মেহেদীকে দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয় লোকজন। পরে বোয়ালিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল গিয়ে তাঁকে হেফাজতে নেয়। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী শহরের ভদ্রা এলাকায় থাকেন। কয়েক মাস আগে তিনি রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় মেহেদীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। পরে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়, যার তদন্ত এখনো চলছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, মেহেদী যে ঘরে ছিলেন, সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। এ কারণে সরাসরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, বিভাগীয় পুলিশ হাসপাতালে মেহেদীর ডোপ টেস্ট করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে। এ বিষয়ে প্রতিবেদন দিয়ে তাঁকে জেলা পুলিশ লাইনসে পাঠানো হচ্ছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় মেহেদীকে কয়েক মাস আগে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল। নতুন করে মাদক সেবনের আসর থেকে তাঁকে আটকের বিষয়টি তিনি শুনেছেন।

২৬ দিনে এ জে আর কুরিয়ারে ২০ হামলা। এক হামলায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম। গ্রেপ্তার ২১ জন। তবু থামছে না আক্রমণ।

দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সংস্থাটি চলতি বছর দেশের সেরা ১২ জন কারুশিল্পীকে পুরস্কৃত করবে।

মোট পাঁচটি শ্রেণিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী পাবেন এক লাখ টাকা। অন্য চারটি শ্রেণিতে নির্বাচিত ১১ জন কারুশিল্পীর প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে। এর মধ্যে দক্ষ কারুশিল্পী শ্রেণিতে পাঁচজন, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজন, দক্ষ নারী কারুশিল্পী শ্রেণিতে দুজন ও তরুণ দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজনকে পুরস্কৃত করা হবে। সব মিলিয়ে ১২ জন কারুশিল্পীকে মোট সাড়ে ছয় লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বিজয়ীরা প্রত্যেকে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদ পাবেন।

আগামী ২৯ ডিসেম্বর বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত কারুশিল্পীদের এ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে বিসিক। সংস্থাটি ইতিমধ্যে আগ্রহী কারুশিল্পীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে। আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিক এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের প্রচার, প্রসার এবং গুণী কারুশিল্পীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।

যেসব কারুশিল্পের জন্য আবেদন করা যাবে

দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও মৌলিক কারুশিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

পুরস্কারের জন্য নির্ধারিত শিল্পের মধ্যে রয়েছে জামদানি শাড়ি, মণিপুরি পোশাক, বস্ত্রবয়ন, টাঙ্গাইল শাড়ি, খদ্দর, পাতা ও হোগলা শিল্প, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কারুশিল্প, শঙ্খ ও ঝিনুক শিল্প, বাঁশবেত শিল্প, প্রাকৃতিক উপাদানে তৈরি বিভিন্ন কারুপণ্য, মৃৎশিল্প (কোড ও নকশিসহ), কাঠখোদাই শিল্প, কার্পেটশিল্প, চামড়াজাত শিল্প, গয়না (স্বর্ণ ও রুপা), গয়না (ধাতু, অব্র, মিঠি), শীতলপাটি, কাগজশিল্প, শতরঞ্জি, তাঁতশিল্প, পাটজাত শিল্প, নকশিকাঁথা, সূচিশিল্প ও ধাতব শিল্প।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী কারুশিল্পীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ২৬ নভেম্বরের মধ্যে বিসিকের যেকোনো জেলা কার্যালয়ে অথবা প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র, বিসিক, ১৩৭–১৩৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০ ঠিকানায় পাঠাতে হবে।

বিসিকের ওয়েবসাইট থেকে বিস্তারিত নির্দেশিকা ও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন খোলা আকাশের নিচে অবস্থান করা সেই মধ্যবয়সী নারীকে আজ রোববার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। গতকাল শনিবার রাত আটটা পর্যন্ত তাঁকে সেখানে অবস্থান করতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।

তবে আজ সকাল থেকে রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই নারী কোথায় গেছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না স্থানীয় লোকজনও।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পর থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। গতকাল রাতেও তাঁকে সেখানে দেখা গেছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ায় পাঁচ দিন ধরে ওই নারী কোনো দেশে প্রবেশ করতে পারেননি। তীব্র রোদ ও সীমান্তে কড়া নজরদারির মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়েছে তাঁকে। এতে ওই নারীকে ঘিরে মানবিক সংকট তৈরি হয়। তবে আজ সকালে স্থানীয় লোকজন জানতে পারেন, ওই নারী আর সেখানে নেই। তাঁকে কেউ সরিয়ে নিয়েছেন কি না বা তিনি নিজে অন্য কোথাও চলে গেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে পাথরের চর এলাকার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘ওই নারী গতকাল রাতেও সেখানে ছিলেন। আজ সকালে গ্রামবাসীর মাধ্যমে জানতে পারলাম, গতকাল রাতেই বাংলাদেশের প্রশাসনের লোকজন তাঁকে সেখান থেকে নিয়ে গেছেন। কিন্তু তাঁকে কোথায় নিয়ে গেছেন, এ বিষয়ে কিছুই জানি না।’

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশে সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছিল। আজ সকাল সাতটার দিকে গ্রাম পুলিশ আমাকে জানান, ওই নারীকে আর সেখানে দেখা যাচ্ছে না। তিনি কোথায় গিয়েছেন, তা কেউ বলতে পারছেন না।’

এ বিষয়ে বক্তব্য জানতে আজ রাত সাড়ে আটটার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।