দশ বছর আগে সাতক্ষীরার কুখরালীর মোকলেছুর রহমান জনিকে অপহরণ, হত্যা ও গুমের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে তৎকালীন এক পুলিশ কর্মকর্তার করা আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

ফলে তৎকালীন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ আগস্ট হোমিও চিকিৎসক মোকলেছুর রহমান নিখোঁজ হন। তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২০১৭ সালের ২ মার্চ হাইকোর্টে রিট করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন। পরবর্তী সময়ে ২০১৮ সালের ২৩ জানুয়ারি দেওয়া আদেশে হাইকোর্ট উল্লেখ করেন, রিট আবেদনকারী ওই ঘটনায় থানায় জিডি করতে চাইলে সংশ্লিষ্ট থানা তা গ্রহণ করবে অথবা আবেদনকারী চাইলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলাও করতে পারবেন।

নথিপত্র অনুযায়ী, মোকলেছুরকে অপহরণ ও হত্যার পর লাশ গুমের অভিযোগে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২১ সালের ১৭ আগস্ট মামলা করেন তাঁর বাবা শেখ আবদুর রাশেদ। মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। তাঁরা হলেন সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ, পরবর্তী ওসি ফিরোজ হোসেন মোল্লা এবং তৎকালীন উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন।

ওই মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০২৪ সালে হাইকোর্টে আবেদন করেন সাবেক ওসি ফিরোজ হোসেন। প্রাথমিক শুনানির পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে আজ রুল খারিজ করে রায় ঘোষণা করা হলো।

আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম।

মামলার ওপর পূর্বে দেওয়া স্থগিতাদেশ আদালত প্রত্যাহার করেছেন জানিয়ে আইনজীবী তানভীর আহমেদ বলেন, রুল খারিজ হওয়ায় তৎকালীন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলাটির কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা রইল না।

এদিকে এখনো নিখোঁজ ছেলের কোনো সন্ধান পাননি জানিয়ে জনির বাবা শেখ আবদুর রাশেদ জানান, ২২ নভেম্বর সাতক্ষীরা আদালতে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

রিটের পূর্বাপর

মামলা সূত্রে জানা যায়, মোকলেছুরের সন্ধান চেয়ে পরিবারের করা রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৭ সালের ৬ মার্চ হাইকোর্ট নিখোঁজের বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপারকে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। পুলিশ প্রতিবেদন দিয়ে জানায়, মোকলেছুরকে গ্রেপ্তার করা হয়নি। এ অবস্থায় আদালত বিচারিক তদন্তের নির্দেশ দিলে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ তদন্ত শেষে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশ মোকলেছুরকে গ্রেপ্তার ও তিন দিন থানায় আটকে রেখে পরবর্তী সময়ে অস্বীকার করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এরপর ২০১৭ সালের ১৬ জুলাই ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১৮ সালের ২১ জানুয়ারি পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়। পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ওসি মো. এমদাদুল হক শেখ, এসআই হিমেল এবং পরবর্তী ওসি ফিরোজ হোসেন মোল্লাসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন না করায় নিখোঁজের প্রকৃত ঘটনা যেমন উদ্ঘাটিত হয়নি, তেমনি পুলিশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রতিবেদনে দায়িত্ব পালনে চরম অদক্ষতা ও অবহেলার দায়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

পিবিআইয়ের অনুসন্ধান ও রিটকারীর দাখিল করা প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে ২০১৮ সালের ২৩ জানুয়ারি হাইকোর্ট সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি থানায় জিডি বা আদালতে নালিশি মামলা করার নির্দেশ দিয়েছিলেন।

টেলিভিশনের পর্দায় দেখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেহারা তাদের চেনা। সকালে জীবনে প্রথম ঢাকায় পা রেখে সুরক্ষিত বঙ্গভবনের দরবার হলে সেই রাষ্ট্রপতির আতিথেয়তা পেল রাঙামাটির একদল স্কুলশিক্ষার্থী। বঙ্গভবনের যে দরবার হলে দেশি-বিদেশি অতিথিদের আপ্যায়ন করা হয়, সেখানে অতিথি হয়ে এসেছিল ডেইটি চাকমা, জারিফ বিন নূর, টাপুর দেবরা।

বঙ্গভবন ঘুরে দেখা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীরা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ৩২ শিক্ষার্থী ও অধ্যক্ষসহ চারজন শিক্ষক বঙ্গভবন ভ্রমণের সুযোগ পান। তাঁরা বঙ্গভবনের তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার, হরিণ পার্ক ঘুরে দেখেন। এরপর দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে থেকে রাষ্ট্রপতিকে দেখে নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না শিক্ষার্থীরা। দরবার হলে ঢুকেই সবাইকে সালাম দেন রাষ্ট্রপতি। এরপর একে একে সব শিক্ষার্থীর সঙ্গে করমর্দন করেন, তাদের নাম ও পরিবারের কথা জানতে চান। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন তিনি।

এভাবে রাষ্ট্রপতিকে কাছে পাওয়া যাবে, তা স্বপ্নে ভাবেনি বলে জানায় রাঙামাটির এই শিক্ষার্থীরা। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর

প্রথমেই শিক্ষার্থীরা সকালে কী খেয়েছে, কী কী ঘুরে দেখেছে তার খবর নেন রাষ্ট্রপতি। রাঙামাটি সফরে গেলে তাদের সঙ্গে আবার দেখা হবে, এই আশার কথা শোনান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তাদের সর্বোচ্চ জ্ঞান অর্জন ও লেখাপড়ায় মনোযোগী হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি।

এরপর দরবার হল থেকে করিডরে শিক্ষার্থীদের ঘুরে দেখান রাষ্ট্রপতি। এ বিষয়ে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের এখানে জাতীয় নেতাদের ছবি আছে, সেই ছবিগুলো তোমরা দেখতে পাবে, তাদের চমৎকার চমৎকার পেইন্টিং আছে। কারা কারা আগে প্রেসিডেন্ট ছিলেন, তাঁদের ছবিগুলো দেখবে।’

বঙ্গভবনের এই গ্যালারিতে থাকা জাতীয় নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিকদের পেইন্টিং শিক্ষার্থীদের দেখান রাষ্ট্রপতি। এরপর শিক্ষার্থী, শিক্ষক ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলামসহ প্রেস বিভাগের কর্মকর্তারা।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাছে পেয়ে শিক্ষার্থীরা সবাই ছিল উচ্ছ্বসিত। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর

এর আগে সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করে শিক্ষার্থীরা মূল ভবনের সামনে সবাই মিলে ছবি তুলে তোশাখানা জাদুঘর ঘুরে দেখতে যায়। সেখানে ১৯৭৮ সালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির দেওয়া উপহার সোনালি রঙের খাপসহ তলোয়ার, ১৯৮১ সালে নেপালের রাজার উপহার দেওয়া দুটি সিংহের প্রতিরূপ—এমন নানা স্মারক ঘুরে দেখে শিক্ষার্থীরা। ২০১৪ সালে থাইল্যান্ডের নবম রাজা রাষ্ট্রপতিকে যে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের প্রতিরূপ উপহার দিয়েছিলেন, সেটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ছিল বেশি।

এরপর শিক্ষার্থীরা ঘুরে দেখে এয়ার রেইড শেল্টার। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এটি নির্মাণ করা হয়। এখানে রয়েছে তিনটি কক্ষ। একটি ছিল গভর্নরের কার্যালয়, একটি বিশ্রামকক্ষ এবং অন্যটি গভর্নরের পরিবারের সদস্যদের জন্য। ১৯৭১ সালের পর থেকে এটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ২০২১ সালের ডিসেম্বরে এর সংস্কারকাজ শুরু হয়। ২০২২ সালের নভেম্বরে কাজ শেষ হয়। বঙ্গভবনের কর্মকর্তারা ঘুরে ঘুরে শিক্ষার্থীদের এসব দেখান এবং সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস সম্পর্কে জানান।

শিক্ষার্থীদের কাছ থেকে নানা বিষয়ে খোঁজখবর নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর

এসব ঘুরে দেখে দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে বঙ্গভবন থেকে পরিবেশন করা নাশতা খায় শিক্ষার্থীরা। সেখানে বিস্কুট, শিঙাড়া, কেক, মিষ্টি ও চা দিয়ে শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়।

বঙ্গভবন ঘুরে দেখা, সেখানে আতিথেয়তা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ যেন স্বপ্নের মতো ঘটনা বলে উল্লেখ করে শিক্ষার্থীরা। ওই দলে থাকা ডেইটি চাকমা প্রথম আলোকে বলে, ‘স্যাররা যখন বললেন ঢাকায় আসব, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা হবে, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এরপরই চিন্তা করছিলাম ওনার সঙ্গে দেখা হলে কী বলব। এত দিন তো তাঁকে টেলিভিশনে দেখেছিলাম। আজ সামনে থেকে দেখলাম!’

শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দরবার হলে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এত দূর থেকে এসেছ, তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। স্কুল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা চমৎকার স্কুল চালাচ্ছে এবং ভালো ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে।’ শিক্ষার্থীদের বঙ্গভবন ভ্রমণ চালু করার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ‘তোমাদের কাছে একটাই কথা, এই প্রোগ্রামটা চালু করার পেছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তোমাদের দেশ সম্পর্কে জানো, রাজনীতি সম্পর্কে ধারণা নাও এবং কীভাবে দেশ চলে সে সম্পর্কে ধারণা নাও।’

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর

এই শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, অত্যন্ত ভালোভাবে লেখাপড়া করবে। আমার বিশ্বাস তোমরা খুব ভালো ফলাফল করবে, তোমরা প্রত্যেকেই নিজের পেশাগত জীবনে ভবিষ্যতে কেউ ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, অন্যান্য পেশাগুলোতেও যেতে চাও, সেখানে যেন তোমরা সর্বোচ্চ জ্ঞান লাভ করতে পারো, সেটি হওয়া উচিত তোমাদের সবচেয়ে বেশি লক্ষ্য। যেকোনো পেশাতেই যাও সেখানে আন্তরিকতা থাকতে হবে এবং অনেকে সেনাবাহিনীতেও যাওয়ার জন্য চেষ্টা করবে, সব মিলিয়ে আমরা যেটা মনে করি তোমাদের লক্ষ্যটা হবে সর্বোচ্চ স্থান অধিকার করা এবং সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করা, এটাই হবে আমাদের সকলের লক্ষ্য।’

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশের মানুষের কাজে লাগানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের দেশ কিন্তু খুব ধনী দেশ না। এর মধ্যে অভাব আছে অনটন আছে, সবকিছুর মধ্যেও তোমরা লেখাপড়া করার যে সুযোগটা পেয়েছ, অনেক ছেলেমেয়েরা কিন্তু পায় না, তাহলে যে সুযোগটা পেয়েছ সেটা কাজে লাগাতে হবে, সেটা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’

রাঙামাটির স্কুলশিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর

বক্তব্য শেষে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন রাষ্ট্রপতি। তিনি দরবার হল ছেড়ে চলে যাওয়ার পরেও শিক্ষার্থীদের মধ্যে যেন ঘোর কাটছিল না। রাষ্ট্রপতিকে এত কাছ থেকে দেখা, তাঁর সঙ্গে কথা বলা—সবকিছুই তাদের কাছে ছিল স্বপ্নের মতো। সেখানেই কথা হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সূচি চাকমার সঙ্গে। উচ্ছ্বসিত সূচি প্রথম আলোকে বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। রাঙামাটি এখনো বাংলাদেশের অন্যতম একটি দুর্গম স্থান হিসেবে পরিচিত। এত দূর থেকে এসে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা আমাদের জীবনের অন্য একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। আজকের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী জীবনে আরও অনেক এগিয়ে যেতে পারব।’

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাষ্ট্রপতির কার্যালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে।

নীতিমালা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এ জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।

বঙ্গভবন ঘুরতে আসা রাঙামাটির স্কুলশিক্ষার্থী, শিক্ষক এবং বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর

রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ভ্রমণে অংশ নিতে পারবে। তাঁদের সঙ্গে থাকবেন তিন থেকে চারজন শিক্ষক। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে আসতে হবে। সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশের পর পরিদর্শনের জন্য তারা সময় পাবে দেড় ঘণ্টা। এ সময় বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রমবিষয়ক ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

নীতিমালা প্রণয়নের পর বঙ্গভবন ভ্রমণে যাওয়া দ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এর আগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখা ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিল।

কখনো রাজকন্যা, কখনো ফ্যাশন–জগতের শিক্ষানবিশ, কখনো সংগীতজগতের এক জটিল চরিত্র—প্রতিটি ভূমিকাতেই নিজের অভিনয়ের আলাদা ছাপ রেখেছেন তিনি।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এত দিন প্রলয় কুমার সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও প্রলয় কুমার কর্মস্থলে যোগ দেননি। কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তাঁর স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি, যা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা ও অবজ্ঞার শামিল।

পরে প্রলয় কুমারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।

এদিকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন), বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে পুলিশের মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই সাত কর্মকর্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

চাকরি থেকে বরখাস্ত হওয়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন ডিএমপির সাবেক উপকমিশনার (ডিসি) নাজমুল ইসলাম, রংপুর জেলায় সিআইডিতে কর্মরত সাবেক সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৬ সাল থেকে প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দিতেন না। দীর্ঘদিন অননুমোদিত অনুপস্থিতির কারণে বিভাগীয় তদন্ত শেষে তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।’

সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগের বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি সিআইডিতে কর্মরত থাকাকালে অনুমতি ছাড়া কর্মস্থলের বাইরে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে প্রবেশ করেন। সেখানে লোকজনকে আটকে মারধর ও টাকা দাবি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ফৌজদারি মামলা হয়। পরে বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান উচ্চতর চিকিৎসার অজুহাতে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে ৬০ দিনের বেশি সময় অনুপস্থিত ছিলেন। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নুসরাতের বাড়িতে আগুন, শর্টসার্কিটের ধারণা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিকল্পিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, সময়সূচি না মেলার কারণে ভারত গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংলাপটি দুই পক্ষের সম্মতিতে আয়োজন করা হচ্ছিল। কিন্তু এখন সংলাপ স্থগিত হয়ে যাওয়ায় এ বছর বৈঠকটি হওয়ার সম্ভাবনা খুব কম।

দুই দেশের কনস্যুলার সংলাপকে সামনে রেখে ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে যাতে আলোচনা করা হয়, সে বিষয়ে মত এসেছিল।

২০১৭ সালে শুরুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ নিয়ে চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ২০০ মেয়ে অংশ নেবে বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি’২৬)-এর জাতীয় পর্বে। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এতে দেশের মানুষ ক্ষুব্ধ। পুলিশ বক্সে আগুন দিয়ে, ককটেল ফাটিয়ে ও এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা (আওয়ামী লীগ) মনে করছে, সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে রাখতে পারবে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী এক বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ বলেন, পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে বৃষ্টির মতো গুলি করেও এ দেশের মানুষকে ভয় দেখানো যায়নি। মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে, মৃত্যুকে আলিঙ্গন করে বর্বর ফ্যাসিবাদকে প্রতিহত করেছে।

রিজভী আহমেদ আরও বলেন, গোপনে, অন্ধকারে, ভাড়ায় খেটে, কয়েকটা টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। যিনি শিশু হত্যা করেছেন, শিক্ষার্থী ও শ্রমিক হত্যা করেছেন, তাঁকে ফিরিয়েও আনা যাবে না। বর্তমানের এই অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।

বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

বিকেল সাড়ে চারটার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে দলটির দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেন। পরে বাংলামোটর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলের স্লোগান ছিল, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’।

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।