ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে এ বিষয়ে সমাধানে পৌঁছানোর জন্য ভারতকে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। তবে তারা একটি চিঠিরও কোনো জবাব দেয়নি। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী বলেছেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাননি। দুপুরে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির সময় শেষ হবে। ইতিমধ্যে আমাদের বিশেষ কমিটির থেকে টিআরসি আমরা দুইটা চিঠি পাঠিয়েছি পার্শ্ববর্তী দেশকে। একটা চিঠির উত্তর দেন নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছি। এখন পর্যন্ত সে উত্তর পাই নাই। আমরা জানি ষড়যন্ত্র কোথায়। আমরা জানি তাদের অবস্থান কী।’

তবে বাংলাদেশ বসে নেই জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এই কারণেই আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করতেছি পানিটাকে ধরে রাখার জন্য। এ জন্যই আমরা পদ্মা ব্যারেজ হাতে নিয়েছি পানিটাকে রিজার্ভ করার জন্য। এ জন্যই আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিয়েছি, যেন আমরা ওই পানিটাকে ধরে রেখে উৎপাদন উন্নয়ন বৃদ্ধি করতে পারি।’

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে সমাধানে পৌঁছাতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনার—ওনার সঙ্গে কথা বলেছি, আমন্ত্রণ জানিয়েছি। উনি এসেছেন, আশ্বস্ত করেছেন। কিন্তু নমুনা এখনো পাচ্ছি না।’

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সীমান্তে বিভিন্ন ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে রুখে দাঁড়াবে, ভারতেরও দায়িত্ব রয়েছে এসব বিষয়ে সহযোগিতা করা।

পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক চায় না, যেখানে খুনি, অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে। যারা বাংলাদেশে গুম, খুন, ছাত্র ও শিশু হত্যার সঙ্গে জড়িত ছিল, রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন করেছে এবং মানুষের অর্থ লুটপাট করেছে, তাদের সঙ্গে নয়; বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে তোলা উচিত।

সাদা জমিনে কালচে লাল-সোনালি পাড়, এমনই একটি তাঁতের শাড়ি পরে ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সাবিলা নূর। শাড়ির সঙ্গে কার্ল করা চুল যোগ করেছে ভিন্নমাত্রা। চলুন, দেখে নিই ছবিগুলো

নিউট্রাল মেকআপ আর সফট কার্ল হেয়ার সাবিলাকে দিয়েছে গ্ল্যামারস লুক

মোটা করে দেওয়া কাজল আর গোলাপি আইশ্যাডোতে সাবিলার চোখে খেলা করছে মায়াবী আবহ

বিয়ের খবরে আলোচনায় মিমি চক্রবর্তী, ফিরে দেখা যাক তাঁর অভিনয় ও ব্যক্তিজীবন

ঠোঁটের সাজে ডার্ক লিপস্টিকের ব্যবহারও বিশেষ নজর কেড়েছে

লাল-সাদা কাচের চুড়িতে সাবিলার সাজে যেন ফুটে উঠেছে বৈশাখী সাজের আবহ

প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউনিভার্স জিতে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো

সাবিলার মেকআপে গাঢ় রং থাকলেও নেই চকচকে আবহ, এমন সাজ চোখকে আলাদা করে আরাম দেয়

তাঁতের শাড়িতেও যে স্টাইলিশ লুক আনা যায়, সাবিলার সাজ যেন তা–ই বলে

কে জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি। অভিযানের সময় বিজিবির ধাওয়ায় মাদকের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। বিস্তারিত ভিডিওতে…

চীনের ‘চাও চাও’ প্রজাতির কুকুরটির গলায় বাঁধা রশিটি ধরে রেখেছেন এক তরুণ। এর মধ্যেই কুকুরটি শান্ত ভঙ্গিতে এদিক-ওদিক ছোটাছুটি করছে। তবে শিশুরা মোটেও ভয় পাচ্ছিল না। তারা কুকুরটির সঙ্গে খুনসুটি করছিল, গায়ে হাত বুলিয়ে আদর করছিল। কুকুরটিও বেশ উপভোগ করছিল। কুকুরটিকে আদর করতে করতে ছোট্ট শিশু আরহাম বলল, ‘কুকুরটা ভদ্র, কিছু কয় না।’ আরহামের পাশে থাকা অন্য শিশু ও তাদের বাবা-মায়েরাও বলে উঠলেন, ‘কুকুরটা আসলেই ভদ্র।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ মেলার প্রথম দিনে এই দৃশ্য দেখা গেল। মেলায় ‘চাও চাও’ প্রজাতির কুকুরটিকে প্রদর্শনের জন্য নিয়ে এসেছে ‘আইকনিক বাংলা পেট শেল্টার’ নামের একটি সংগঠন।

মেলায় ‘চাও চাও’ প্রজাতির কুকুরটিকে প্রদর্শনের জন্য নিয়ে এসেছে ‘আইকনিক বাংলা পেট শেল্টার’ নামের একটি সংগঠন।

মেলায় ‘আবিদের পোষা প্রাণী’ নামের একটি স্টলে কয়েকটি ‘ইমু পাখি’ দেখা গেল। পাখিটির গলা বেশ লম্বা। একটি ইমু পাখি বারবার স্টলের এদিক-ওদিকে মুখ উঁচু করে ঘুরছিল। একটি শিশু বারবার পাখিটির কাছে যেতে চাইলে বাবা তাকে নিবৃত্ত করছিল। তাঁর ভয় পাখিটি হয়তো ঠোকর দিতে পারে। কিন্তু একপর্যায়ে পাখিটির মুখ কিছুটা নিচের দিকে নামলে শিশুটি তাতে হাত দেয়। ইমু তাকে কিছুই করেনি। শিশুটি তখন হাততালি দিয়ে বলতে থাকে ‘পাখি আমাকে ঠোকর দেয়নি’।

ইমু পাখির স্টল

উদ্বোধনের পর আজ বেলা তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত প্রাণিসম্পদ মেলা ঘুরে দেখেছেন এই প্রতিবেদক। সেখানে এমন নানা দৃশ্য দেখা গেল। মা–বাবার হাত ধরে মেলায় ঘুরতে আসা শিশুদের ছাড়াও দেখা গেল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পেশাজীবী মানুষকে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তাঁরা পশু ও পাখি দেখছিলেন। অনেকেই পশু-পাখির ছবি তুলছিলেন, কেউ কেউ সেলফি তুলছিলেন। শিশুরা কোনো কোনো পশু-পাখির সঙ্গে খুনসুটিতে মেতেছিল।

সকাল সাড়ে নয়টায় তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল সাড়ে নয়টায় তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার পর্যন্ত মেলা চলবে। এবারের মেলার প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। মোট ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়নে মেলা জমে উঠেছে। মেলায় আনা পশু-পাখির অনেকগুলো বিক্রির জন্য, কোনো কোনোটি আবার শুধু প্রদর্শনের জন্য।

১২ লাখের ষাঁড়, ৩ লাখের দুম্বা, আড়াই লাখের খাসি

প্রাণিসম্পদ মেলায় দুটি বিশাল আকৃতির ষাঁড় নিয়ে এসেছে ঢাকার বিরুলিয়ার ‘ম্যাক’স অর্গানিক অ্যাগ্রোটেক’ নামের একটি খামার। সবচেয়ে বড় ষাঁড়টির দাম জানতে চাইলে স্টলের একজন কর্মী জানালেন, দাম ১২ লাখ টাকা। তবে দুটি ষাঁড় কিনতে একজন ১৭ লাখ টাকা পর্যন্ত বলেছেন। ২২ লাখ হলে তাঁরা দুটি ছেড়ে দেবেন।

মেলায় এই দুটি ষাঁড়ের দাম চাওয়া হয়েছে ২৪ লাখ টাকা

‘আরহাম ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানের স্টলে ছিল বড় আকৃতির একটি দুম্বা ও আরেকটি খাসি। বড় দুম্বাটির দাম চাওয়া হলো তিন লাখ টাকা আর খাসিটির দাম হাঁকা হলো আড়াই লাখ টাকা।

দুম্বা ও খাসি

মেলায় অন্যান্য স্টলেও বিভিন্ন দামে বিক্রি হতে দেখা গেল দুম্বা ও খাসি। সেখানে বিভিন্ন আকারের দুম্বার দাম ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা। খাসির দাম ৩০ থেকে ৮০ হাজার টাকা।

ডরপারের দাম আকারভেদে ৩৫ থেকে ৭০ হাজার টাকা চাওয়া হচ্ছিল।

পূর্ব বাড্ডার মাহাবুল অ্যাগ্রো ফার্মের স্টলে ডরপারের দেখা মিলল। ডরপার হলো ভেড়ার একটি প্রজাতি। স্টলে থাকা চারটি ডরপারের দাম আকারভেদে ৩৫ থেকে ৭০ হাজার টাকা চাওয়া হচ্ছিল।

আড়াই লাখের পাখি, নানা জাতের মুরগি

মেলায় পাখি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘বার্ড জুমিং’-এর স্টলে গেলে যে কারও চোখ আটকে যাবে। সেখানে একটি রঙিন ম্যাকাও পাখিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ পাখিটির ছবি তুলছিলেন, কেউ পাখিটির সঙ্গে সেলফি তুলছিলেন। পাখিটি হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠছিল। এতে দর্শনার্থীরা ভয় পেয়ে সরে যাচ্ছিলেন। তবে পাখিটি কারও ওপর আক্রমণ করছিল না। ম্যাকাও পাখিটির দাম চাওয়া হচ্ছে আড়াই লাখ টাকা

ব্রাহমা জাতের বড় আকারের মুরগি

পাশেই আরেকটি স্টলে আছে নানা জাতের মুরগির পসরা। সেখানে ব্রাহমা জাতের বড় আকারের মুরগিকে ঘিরে মানুষের কৌতূহল দেখা গেল। দুই জোড়া ব্রাহমা মুরগির দাম চাওয়া হচ্ছে ৪৫ হাজার টাকা।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের ভিড়

মেলায় বিভিন্ন পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও স্টল দিয়েছে। মেলার পোলট্রি জোনে পাওয়া যাচ্ছে মুরগি, মুরগির খাবার ও মুরগির বাচ্চা। পাশেই আছে প্রাণী স্বাস্থ্যসেবার নানা অনুষঙ্গের সমাহার। এর বাইরে মেলায় আছে প্রাণিজ পণ্য রপ্তানি জোনও। এ ছাড়া নানা ধরনের খাবারের স্টলও আছে মেলা প্রাঙ্গণে।

মেলার দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার মেলা প্রাঙ্গণে থাকছে পশুদের র্যাম্প শো। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে এই আয়োজন।

সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

বাটার চিকেন, বিফ নেহারি, খাসির কোরমা আর ছোলা-মাসালার মতো দক্ষিণ এশীয় জনপ্রিয় খাবার এবার মহাকাশযানে করে পৃথিবীর বাইরে পৌঁছেছে।

বাটার চিকেন, বিফ নেহারি, ল্যাম্ব কোরমা ও মসলাদার ছোলা এবার শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে পৌঁছে গেছে পৃথিবীর কক্ষপথে। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে এসব খাবার, যাতে কক্ষপথে তাঁর জীবনের প্রথম অভিজ্ঞতায় কিছুটা হলেও ঘরের স্বাদ মেলে।

চীনের নভোচারী তাং হংবো ও উ ইর সঙ্গে শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে বুধবার তিয়ানগং স্টেশনে পৌঁছান জিশান আলী। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম পাকিস্তানি, এমনকি বিদেশি নভোচারী হলেন তিনি। সেখানে আগে থেকেই অবস্থানরত তিন নভোচারী তাঁদের স্বাগত জানান। দায়িত্ব হস্তান্তরের এ সময়ে স্টেশনটিতে মোট নভোচারীর সংখ্যা দাঁড়াল ছয়জনে।

জিশান আলীর খাদ্যাভ্যাস ও চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ এশীয় খাদ্যসংস্কৃতি ও হালাল মানদণ্ড অনুসরণ করে এই খাবারগুলো তৈরি করেছে চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গবেষকেরা পাকিস্তানি ধাঁচের সাত ধরনের মহাকাশ-খাবার তৈরি করেছেন। এর মধ্যে বিফ নেহারি, ল্যাম্ব কোরমা, বাটার চিকেন ও মসলাদার ছোলা রয়েছে।

পরিচিত স্বাদ বজায় রেখে নভোচারীদের পুষ্টিচাহিদা পূরণের লক্ষ্যে এসব পদ তৈরি করা হয়েছে। হলুদ ও কারির মতো মসলার প্রতি জিশান আলীর পছন্দের বিষয়টি বিবেচনায় নিয়েছেন গবেষকেরা। চূড়ান্ত করার আগে খাবারগুলো বারবার পরীক্ষা ও পরিমার্জন করা হয়েছে। চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন বলছে, খাবার তৈরির পুরো প্রক্রিয়ায় হালাল নীতিমালা মেনে চলা হয়েছে।

চীনে প্রস্তুতির সময় জিশান আলীর স্বাদে যে পরিবর্তন এসেছে, তার ছাপও রয়েছে এই মেনুতে। মূল পরিকল্পনায় পাকিস্তানি মসলাদার দুধ–চা ছিল। তবে চীনের ব্ল্যাক টি ও ভাত ভালো লেগে যাওয়ায় মহাকাশযাত্রার জন্য সেগুলো বেশি করে দেওয়ার অনুরোধ করেন তিনি। পরে সেগুলোও তাঁর খাবারের তালিকায় যুক্ত করা হয়।

দুই দলের ছয় নভোচারীর সাক্ষাৎ উপলক্ষে স্টেশনে একটি বিশেষ নৈশভোজের পরিকল্পনা করা হয়। এতে চীনা ও পাকিস্তানি—উভয় দেশের নভোচারীদের পছন্দ অনুযায়ী পদ রাখা হয়েছে। তিয়ানগংয়ে নভোচারীদের একসঙ্গে খাবার খাওয়ার এমন আয়োজন আগেও দেখা গেছে; এর আগের এক অভিযানে হট-এয়ার ওভেনে বারবিকিউও তৈরি করা হয়েছিল।

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি, কেন এই দেশকে বেছে নিল চীন

পাকিস্তান বিমানবাহিনীর কর্মরত কর্মকর্তা জিশান আলী বুধবার তাং ও উর সঙ্গে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা করেন। উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর মহাকাশযানটি তিয়ানগংয়ের সঙ্গে যুক্ত হয় এবং সেদিনই পরে প্রবেশপথ (হ্যাচ) খুলে দিলে শেনঝৌ-২৪-এর নভোচারীরা তাঁদের সহকর্মীদের সঙ্গে যোগ দেন।

চীনা নভোচারীদের সঙ্গে পরিচিত হওয়ার সময় পাকিস্তানের বরেণ্য কবি আল্লামা মোহাম্মদ ইকবালের একটি কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করে শোনান জিশান আলী, ‘তারাদের ওপারেও আরও জগৎ রয়েছে, প্রেমের আরও পরীক্ষা সেখানেও বাকি আছে।’ পরে সহকর্মীদের জন্য চরণ দুটির অনুবাদও করে দেন তিনি।

রেস্তোরাঁর বাসন ধোয়ার কাজ থেকে গড়েছেন ৫ লাখ কোটি ডলারের সাম্রাজ্য, জেনসেনের এক বিস্ময়কর যাত্রা

বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের অনেক গ্রাহকের ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। প্রথমে গ্রাহকেরা বিষয়টি বুঝতে পারেননি। কেউ টাকা তুলতে গিয়ে, কেউ টাকা পাঠাতে গিয়ে সমস্যায় পড়েন।

নেত্রকোনার দুর্গাপুরে স্বাক্ষর জাল করে দুটি ব্যাংক হিসাব থেকে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে ওই কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত কর্মকর্তার নাম মো. রুয়েলুজ্জামান। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার থানায় অভিযোগ করেন ইউপির প্রশাসক ও দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। পরে গতকাল বুধবার অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায় পুলিশ।

গাঁওকান্দিয়া ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ইউনিয়নে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ৮৭৭ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। এ টাকা সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার যৌথ হিসাব নম্বরে জমা রাখা হয়। ওই হিসাবে আগে থেকেই ২৮ হাজার ৮৫৪ টাকা জমা ছিল। সব মিলিয়ে হিসাবটিতে জমা হয় ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা।

কৃষকদের এই সহায়তার টাকা বিতরণের জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছিল। এর আগে প্রশাসক ফজলুর রহমান প্রশাসনিক কর্মকর্তা রুয়েলুজ্জামানকে টাকা বিতরণের প্রস্তুতি নিতে বললে নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে অসুস্থতার কথা বলে দায়িত্ব এড়িয়ে যান। ২২ নভেম্বর বিকেল থেকে রুয়েলুজ্জামানের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তাঁর গ্রামের বাড়িতে খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি।

রুয়েলুজ্জামানের আচরণে সন্দেহ হলে গত মঙ্গলবার ব্যাংকে গিয়ে হিসাব বিবরণী সংগ্রহ করেন প্রশাসক ফজলুর রহমান। সেখানে দেখা যায়, ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৬টি চেকের মাধ্যমে তাঁর স্বাক্ষর জাল করে ওই হিসাব থেকে সাড়ে ২৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের হিসাব থেকেও ৪৪টি চেকের মাধ্যমে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়া হয়েছে। এসব টাকা উত্তোলনে রুয়েলুজ্জামান তাঁর নিজস্ব লোকজনকে ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়।

ইউপি প্রশাসক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় তাঁর মুঠোফোনে কোনো এসএমএস বা ওটিপি আসেনি। ফলে টাকা উত্তোলনের বিষয়টি তিনি জানতে পারেননি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে থানায় অভিযোগ করেন তিনি।

থানায় করা অভিযোগে রুয়েলুজ্জামান, তাঁর স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া বিলকিছ, তাঁর তিন ভাই রোকন তালুকদার, রবিন তালুকদার ও রাকিব তালুকদার এবং গাঁওকান্দিয়া গ্রামের উসমান গনি ও তাঁর স্ত্রী বিলকিছ আক্তার, দাখিনাইল গ্রামের রিপন কর্মকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে উসমান গনি ও রিপন কর্মকারকে আটক করে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মদ প্রথম আলোকে বলেন, অভিযুক্ত রুয়েলুজ্জামানের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি চাকরিজীবীকে অভিযুক্ত করায় অভিযোগটি দুদকের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়েছে। আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছুক্ষণ আগে অভিযোগের কপিটি পেয়েছি। মামলার অনুমতি নিতে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।’

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।