রাজধানীর মিরপুরে ককটেল বিস্ফোরণে ওমর আলী (৬০) নামের এক জমি ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে দারুস সালাম থানার মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি অটোরিকশায় ছিলেন।

আহত ওমর আলীকে প্রথমে স্থানীয় মিরপুর ইসলামী হাসপাতালে নেওয়া হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢাকায় ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকা মেডিকেলে আহত ওমর আলীর মেয়ের জামাতা মাসুম জানান, তাঁর শ্বশুর অটোরিকশায় করে মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের স্প্লিন্টার তাঁর বাঁ হাঁটু, পায়ের গোড়ালি ও চোখে লাগে। এতে তিনি আহত হন।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ওমর আলীর চিকিৎসা চলছে বলে সেখানকার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।

এর আগে সোমবার বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, পুরান ঢাকার আদালতপাড়াসহ ঢাকার কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দাউ দাউ করে আগুন জ্বলছিল, বাসটি চলতে চলতে গিয়ে থামে মেট্রো স্টেশনের নিচে

জামিনে মুক্তি পাওয়ার দুই মাস পর মিরপুরের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁকে জোর করে তুলে নিয়ে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে তিন দিন গুম করে রাখা হয়েছিল। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি।

অভিযোগকারী ওই ব্যবসায়ীর নাম মো. শামীম খান (৪৯)। তিনি আবাসন ব্যবসায়ী বলে দাবি করেছেন। ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের সহায়তায় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি, শামীম খানকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁকে আদালতে পাঠানো হয়। গুমের কোনো ঘটনা ঘটেনি। তিনি মিরপুরের এক শীর্ষ সন্ত্রাসীর ছত্রচ্ছায়ায় অস্ত্র ব্যবসা করে আসছেন। তাঁকে দীর্ঘদিন নজরদারি করে গ্রেপ্তার করা হয়। মুক্তি পাওয়ার দুই মাস পরে গুমের অভিযোগ তোলার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি ডিবির।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগর এলাকার একটি বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, শামীম খানের স্ত্রী আরবি সুলতানা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে শামীম খান বলেন, ২৬ আগস্ট রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাঁকে মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় তাঁর অফিস–সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের পাশ থেকে জোর করে তুলে নিয়ে যায় ডিবির মিরপুর বিভাগের একটি দল। ডিবি অফিসে নিয়ে তাঁর চোখ বেঁধে ফেলা হয়। তিন দিন সেখানে তাঁকে আটকে রেখে মেরে ফেলাসহ নানা হুমকি দেওয়া হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। গুমের সময় ডিবি কর্মকর্তারা তাঁর ব্যবসা নিয়ে নানা প্রশ্ন করেন। অবৈধ ব্যবসা করেন কি না, জানতে চান।

শামীম খান আরও বলেন, তিন দিন আটকে রাখার পর অস্ত্র মামলায় তাঁকে আদালতে তোলা হয়। মিরপুরের একটি ব্যাংকের সামনে থেকে তুলে নেওয়া হলেও মামলায় তাঁকে বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করার কথা বলা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠালে প্রায় এক মাস পর ২৬ সেপ্টেম্বর মুক্তি পান। তিনি মুসকান রিয়েল এস্টেটের মালিক। জমি কেনাবেচাসহ দীর্ঘদিন ধরে তিনি আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া সাইফুল ইসলাম নিরব যখন যুবদলের সভাপতি ছিলেন, তখন তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তবে এখন আর রাজনীতির সঙ্গে যুক্ত নেই। তাঁকে কেন আটকে রাখা হয়েছিল, তা তিনি জানেন না।

সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম বলেন, ফ্যাসিবাদের আমলে যেভাবে মানুষকে তুলে নিয়ে যাওয়া, চোখ বেঁধে আটকে রাখা, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা হতো, সেই সংস্কৃতি কি আবার ফিরে আসছে? একটি ব্যবসায়িক বিরোধের জেরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একজনকে গুম, নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার যথাযথ বিচার করতে না পারলে এমন ঘটনা আরও ঘটবে, ঘটতেই থাকবে। একসময় তাঁর মতো আরও অনেকেই অন্ধকারে হারিয়ে যাবেন।

ডিবির বক্তব্য

এ বিষয়ে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন প্রথম আলোকে বলেন, শামীম খানকে গুম করা হয়নি। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। আন্ডারওয়ার্ল্ডের (অপরাধজগৎ) শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার তথ্যপ্রমাণ তাঁদের কাছে রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা শামীমকে নজরদারিতে রেখেছিলেন। তাঁকে ২৬ আগস্ট নয়, ২৮ আগস্ট ভোরে অস্ত্রসহ মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নির্ধারিত সময়ের ভেতরেই তাঁকে আদালতে পাঠানো হয়। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত শামীম খানের অস্ত্র মামলার তদন্ত চলছে। শিগগিরই তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাও রয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৫ আগস্ট–পরবর্তী সময়ে যৌথ বাহিনীও তাঁকে গ্রেপ্তার করে। অভিযান সম্পর্কে অভিযোগ থাকলে তিনি আরও আগে দিতে পারতেন। প্রায় দুই মাস পরে এসে প্রশ্ন তোলার পেছনে তাঁর ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা এবং সমন্বয়ের জন্য ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

সোমবার রাত ১১টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় নেতা ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম দায়িত্ব পেয়েছেন রংপুর বিভাগের। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় নেতা সানি আবদুল হক ও আবু সাঈদ লিওন।

ঢাকা বিভাগ উত্তরের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল আমিন, আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণে দায়িত্ব পালন করবেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।

চট্টগ্রাম বিভাগ উত্তরের দায়িত্ব পেয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও মনজিলা ঝুমাকে।

এ ছাড়া রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আতিক মোজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালন করবেন আবদুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান। সিলেট বিভাগে দায়িত্ব পেয়েছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। আর বরিশাল বিভাগের দায়িত্বে থাকবেন আরিফুল ইসলাম আদীব, মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।

কমিটিতে পদাধিকারবলে অন্তর্ভুক্ত থাকবেন এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব। এ ছাড়া দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদকও কমিটিতে থাকবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী সন্দেহে রেজওয়ান আহমেদ নামের এক শিক্ষার্থীকে আটক করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় ফটকের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় দ্বিতীয় ফটকে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা তখন ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’

সন্দেহভাজন ব্যক্তিকে আটকের বিষয়ে প্রক্টর বলেন, ছাত্রদলের নেতা–কর্মীরা একজনকে আটক করেছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন), জগন্নাথ হল সংসদের নেতারা এবং হল শাখা ছাত্রদলের নেতারা।

অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করেন। তাঁরা নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার ও অনুষ্ঠান পালন করে থাকেন।

উপাচার্য আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। এখানে সমান অধিকার নিয়ে সবাই কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে নিয়োগ যাচাই এবং ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জটিলতা নিরসনসহ সাত দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তাঁরা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। অথচ বিদেশে যেতে গিয়ে তাঁদের প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখে পড়তে হয়। প্রবাসীদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

গণভোটে জনগণের রায়ের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে দেওয়া নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই বলে উল্লেখ করেন মজিবুর রহমান মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাসহ চট্টগ্রাম বন্দরের বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে সেই নিরাপত্তা উপদেষ্টাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে তারা। চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, সবকিছু মানলে গণভোটের রায় মানতে এত অনীহা কেন?

রাজা গোলাম রব্বানী, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক, এবি পার্টিমালয়েশিয়ার শ্রমবাজারে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে একজন কর্মীর অভিবাসন ব্যয় সরকারি নির্ধারিত খরচের তুলনায় পাঁচ থেকে ছয় লাখ টাকা বা তারও বেশি হয়েছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে। অথচ নির্ধারিত ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এবি পার্টির প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে একজন কর্মীর অভিবাসন ব্যয় সরকারি নির্ধারিত খরচের তুলনায় পাঁচ থেকে ছয় লাখ টাকা বা তারও বেশি হয়েছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে। অথচ নির্ধারিত ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর উদ্যোগে সীমিতসংখ্যক এজেন্সির সিন্ডিকেট প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না। সব যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এবি পার্টির সাত দফা দাবির মধ্যে রয়েছে মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ এবং কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ; রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি যাচাইয়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ; ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান।

অন্য দাবির মধ্যে আছে ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ নেওয়া; বিদেশে প্রতারণা, বকেয়া বেতন, পাসপোর্ট আটকে রাখা ও মানব পাচারের শিকার কর্মীদের দ্রুত আইনি সহায়তা এবং দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রবাসীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার প্রমুখ।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, তা এখনো সুনির্দিষ্ট করে জানানো হয়নি। অফিস আদেশও জারি হয়নি। এ নিয়ে তাঁদের মধ্যে হতাশা রয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতনভাতা–সংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এই চিঠি দেওয়া হয়। কিছু দিন আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে–স্কেলের আওতায় আসছেন।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে তাঁরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বেতনও পেয়েছেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকার মাসে আর্থিক অনুদান দেয়। এ ব্যবস্থাকে এমপিও (মান্থলি পে অর্ডার) বলা হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতভাগ পান। এর সঙ্গে চিকিৎসার ভাতাসহ কিছু ভাতাও দেওয়া হয়।

গত বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়। এর আগে তাঁরা মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেতেন। তবে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় বেশি, সেগুলো এমপিওর বাইরেও শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দেয়। বেশির ভাগ প্রতিষ্ঠানের সেই আর্থিক সক্ষমতা নেই। ফলে সরকারি অনুদানের ওপর নির্ভরশীল এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের সময়টি গুরুত্বপূর্ণ।

নতুন বেতনকাঠামো কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর এবং বিষয়ভেদে শিক্ষকদের বেতন গ্রেডে ভিন্নতা রয়েছে। নতুন কাঠামোয় তাঁরা বর্তমানে যে গ্রেডে চাকরি করছেন, সেই অনুযায়ী বেতন পাবেন। যেমন বেসরকারি কলেজের প্রভাষকেরা সরকারি কলেজের প্রভাষকের মতোই নবম গ্রেডে মূল বেতন পাবেন।

দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা এখনো ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয়নি বলেও অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে এলপিজি আমদানি বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জ্বালানি আমদানি ও সরবরাহ বাড়ানো, মূল্য নিয়ন্ত্রণে রাখা, অসাধু ডিলার বা ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আন্তর্জাতিক জ্বালানি মূল্য পরিস্থিতি সম্পর্কে লোয়াবের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

এর আগে গত ৮ নভেম্বর ‘রান্নার গ্যাস ৩০০ থেকে ৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এতে বলা হয়, গত ২ নভেম্বর এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা, সবার কমিশন বাড়ানো হয়; কিন্তু বাজারে নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না।

দেশে এক কোটির বেশি গ্রাহক এলপিজি ব্যবহার করেন। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে। ২০১৫ সাল থেকে দেশে এলপিজির চাহিদা ব্যাপক হারে বাড়তে থাকে। বছরে এলপিজির চাহিদা এখন ১৮ লাখ টনের বেশি। এ খাতের প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের দখলে, যারা আমদানি করে বাজারে সরবরাহ করে। বাকি ১ শতাংশ দেশে উৎপাদন করে সরবরাহ করে সরকারি কোম্পানি।

এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) ও বিইআরসি সূত্র বলছে, গত আগস্টে এলপিজি আমদানি হয়েছে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। সেপ্টেম্বরে আমদানি হয় ১ লাখ ৫৬ হাজার টন। আর অক্টোবরে আমদানি হয়েছে ১ লাখ ৪২ হাজার টনের কম। তবে এরপর ৪ নভেম্বরের মধ্যেই আরও ৪০ হাজার ২০০ টন এলপিজি দেশে এসেছে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন। পরবর্তী কাজ হচ্ছে সরকার গঠনের জন্য জোটের সদস্যদের চূড়ান্ত করা। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আমন্ত্রণে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সেই কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছেন।

জোট গঠনে সফল হলে আইজেনকট প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকারকে তা জানাবেন। এরপর সাত দিনের মধ্যে সরকার গঠনের জন্য অধিবেশন ডাকতে হবে। ওই অধিবেশনে আইজেনকটের সরকারকে আস্থা ভোটে পাস করতে হবে।

সাবেক সেনাপ্রধান থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আইজেনকটকে গত রোববার সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট হারজগ। এ জন্য তিনি ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে হারজগ আরও ১৪ দিন নিতে পারেন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন। উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি। দুই আরব দলের ১৯টি আসন যোগ হলে আইজেনকটের পক্ষে দাঁড়ায় ৬৭। তবে তাঁর এক শরিকের সাত সদস্য সমর্থন না দিলে সেই সংখ্যা নেমে আসবে ৬০-এ। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৬১ জনের সমর্থন।

আরবদের সমর্থনে লিবারম্যানের আপত্তি

ইসরায়েলে গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাআম পেয়েছে ৮টি আসন, জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি। এ দুই দল ও জোট আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে। মন্ত্রিসভায় যোগ না দিয়েও তারা আস্থা ভোটে তাঁকে সমর্থন দিতে পারে। প্রয়োজনে এভাবে পার্লামেন্টের আস্থা ভোটে অন্য দলের সমর্থনে সংখ্যালঘু সরকার গড়ার কথা ভাবছেন আইজেনকট।

তবে আইজেনকটের জোটের ডানপন্থী নেতা অ্যাভিগদর লিবারম্যান জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থননির্ভর সরকারে তাঁর দলের সাত সদস্য যোগ দেবেন না। এএফপির প্রতিবেদন অনুযায়ী, আরবদের সমর্থনে সরকার হলেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতভেদে তা ভেঙে পড়তে পারে।

ধর্মীয় দলগুলোর সঙ্গে দর-কষাকষি

নেতানিয়াহুর পুরোনো দুই মিত্র শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) মোট আসন ১৩টি। অতিরক্ষণশীল এই দুই ইহুদি দলের সমর্থন পেলে আইজেনকটের জোট ঠিক ৬১-তে পৌঁছাবে। তবে দল দুটি চায়, ধর্মীয় শিক্ষার্থীরা বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় পান। আইজেনকট তাঁদের জন্য বেসামরিক জাতীয় সেবার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছেন।

দ্য জেরুজালেম পোস্ট জানায়, এ প্রশ্নের সুরাহা হলে শাস আইজেনকটকে সমর্থনের কথা ভাবতে পারে। তবে দলটি চায়, নেতানিয়াহুর শিবির ছাড়ার প্রথম পদক্ষেপ নিক ইউটিজে।

আজ নেসেটের উদ্বোধনী অধিবেশনে স্পিকার আমির ওহানাকে বদলানোর উদ্যোগ নিয়েছে আইজেনকটের দল ইয়াশার। এ উদ্যোগে সমর্থন চেয়ে দুই দলকেই চিঠি দিয়েছে ইয়াশার।

নেতানিয়াহুর ভরসা কোথায়

আইজেনকট ও নেতানিয়াহু দুজনই জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিয়েছেন। তবে দুজনই সেই সরকারের নেতৃত্ব চান। নতুন নির্বাচন এড়াতে ঐক্যের সরকার আবার আলোচনায় আসতে পারে। হারজগও এমন সরকারকে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছেন।

আইজেনকট ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। তবে তাঁর জোটও সংখ্যাগরিষ্ঠতা থেকে আট আসন দূরে। দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আরেকজনকে মনোনয়ন দিতে পারবেন। শেষ চেষ্টাতেও সরকার না হলে আবার নির্বাচন হবে। সে পর্যন্ত সরকার চালাবেন নেতানিয়াহুই।

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।